ছুরিকাঘাতে ভাবিকে হত্যা, ৯ ঘণ্টার মধ্যেই দেবর আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে আপন বড় ভাবি কারিমা বেগমকে (৪২) ছুরিকাঘাতে হত্যার ৯ ঘণ্টার মধ্যে ঘাতক দেবর মঞ্জুর মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে কমলগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইন এলাকায় পান দোকানে দেবর মঞ্জুর মিয়া গিয়ে ভাবি কারিমা বেগমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় বাজারের স্থানীয়রা এগিয়ে এলে ঘাতক মঞ্জুর মিয়া পালিয়ে যান। পরে মুমূর্ষু অবস্থায় ওই নারীকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই আব্দুস সাত্তার বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, গোপন সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল রাতে মঞ্জুর মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।

এনএএন টিভি