জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা অনুষ্ঠিত

“আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস ও তারুণ্যের উৎসব-২০২৫।
বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, নীলফামারীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, পৌর প্রশাসক সাইদুল ইসলাম, জাতীয় ক্ষুদ্র ও কুটিরশিল্প সমিতির সভাপতি আব্দুল মমিন, কিশোর-কিশোরী প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।
স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনিছুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন সমন্বয়ক সদস্য বৈশাখী, ছাত্র প্রতিনিধি মোরছালিন, সদস্য মোছা. নাছরিন আক্তারসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।
বক্তারা বলেন, কন্যাশিশু হলো জাতির অমূল্য সম্পদ। তাদের নিরাপদ, শিক্ষিত ও মর্যাদাপূর্ণভাবে গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসাথে কাজ করতে হবে। তারা আরও বলেন, কন্যাশিশুদের আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশে পরিবার থেকেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা জরুরি।
শেষে “তারুণ্যের উৎসব”-এর অংশ হিসেবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কিশোর-কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি কন্যাশিশুর অধিকার, সমতা ও ক্ষমতায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে নতুন প্রজন্মের মাঝে সচেতনতা ও অনুপ্রেরণা ছড়িয়ে দেয়।
এনএএন টিভি / ওমর ফারুক