দামুড়হুদায় সড়ক দূর্ঘটনায় যুবদল নেতা নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার কুড়ুলগাছি ইউনিয়ন যুবদল নেতা রাশেদুজ্জামান হিরো (৩৫) মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে।

বুধবার (১২ ফ্রেব্রুয়ারী) সকাল ৮ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এর আগে গত সোমবার (১০ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে দর্শনা- মজিবনগর সড়কের চন্ডিপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সে কুড়ুলগাছি আনন্দবাজার পাড়ার আসাদুল হকের ছেলে।

পরিবারসুত্রে জানাযায়, গত (১০ ফেব্রুয়ারী) সোমবার রাত ৯ টার দিকে উপজেলার দর্শনা থেকে কুড়ুলগাছি নিজ বাড়িতে ফিরছিলো ইউনিয়ন যুবদল নেতা রাশেদুজ্জামান হিরো। ফেরার পথে চন্ডিপুর গ্রামের স্কুলের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎতের পোলের সাথে ধাক্কা মেরে পিচ রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গ্রামের ডাক্তারের নিকট প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি যায়। পর দিন সকালে শরীরের অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নিয়ে যায়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১২ ফেব্রুয়ারী) সকালে সে মারা যায়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর জানান, রাজশাহী থানা আমার কাছে জানতে চেয়েছিল সে সড়ক দূর্ঘনায় আহত হয়েছিলো কিনা। আমি জানিয়ে দিয়েছি।

এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ