নানা আয়োজনে ছাত্রবন্ধন সোসাইটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সামাজিক সংগঠন ‘ছাত্রবন্ধন সোসাইটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৫। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এ বর্ণাঢ্য অনুষ্ঠান।
দিনের প্রথমপর্বে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় অনুষ্ঠিত হয় অগ্নিনির্বাপণ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়
পরবর্তীতে জেলা প্রশাসন নীলফামারীর সহযোগিতায় অনুষ্ঠিত হয় ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, যেখানে অংশগ্রহণকারীরা বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করার সুযোগ পান।
বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় সংগঠনের বাৎসরিক সাধারণ সভা, এতে সংগঠনের সদস্যরা বিগত বছরের কার্যক্রমের পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
দিনব্যাপী আয়োজনের শেষপর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান, যেখানে সমাজসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কয়েকজন সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে ছাত্রবন্ধন সোসাইটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনে।
এনএএন টিভি / ওমর ফারুক