নীলফামারীতে গোয়েন্দা অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নীলফামারীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সৈয়দপুর রেলস্টেশন সংলগ্ন আকতার হোটেলের পাশে সৈয়দপুর–ঢেলাপীরগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার এ. এফ. এম. তারিক হোসেন খানের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা ধাওয়া দিয়ে মোঃ সোহেল (৪২)-কে আটক করে। সে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নতুন বাবুপাড়া (সানাউল্লাহ রোড) এলাকার মৃত জুবায়েরের ছেলে।
তল্লাশির সময় তার প্যান্টের ডান পকেট থেকে নিজ হাতে বের করে দেওয়া একটি কালো পলিথিনের জিপার ব্যাগে রাখা ৬০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে বৈদ্যুতিক আলো ও টর্চের সাহায্যে জব্দ তালিকা মূলে এসব মাদক জব্দ করা হয়।
এ ঘটনায় সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নং-১৮, জিআর-২২৭/২০২৫, তাং-১৯/১০/২০২৫) দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের এই কার্যক্রম আরও জোরদার করা হবে।
এনএএন টিভি / ওমর ফারুক

Share this news as a Photo Card