নীলফামারীর গাবেরতলে আগাম ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষক আবু তাহের

নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের গাবেরতল গ্রামে শুরু হয়েছে আগাম আমন ধান কাটার উৎসব। মাঠজুড়ে চলছে সোনালী ধানের গন্ধ আর কৃষকের কর্মব্যস্ততা। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সেই মাঠে দেখা মেলে স্থানীয় কৃষক আবু তাহের আলী (৩৪)-এর। নিজের ১ বিঘা জমিতে ধান-২৮ ও ধান-৭৫ জাতের ধান চাষ করে এখন তিনি ব্যস্ত ধান কাটাই ও মাড়াইয়ের কাজে।
আবু তাহের জানান, কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে এ বছর তিনি সঠিক সময়ে বীজ বপন, সেচ, সার, ইউরিয়া ও কীটনাশক ব্যবহার করেছেন। ফলে ফলন হয়েছে আশানুরূপ। আগাম মাড়াইয়ের পরিকল্পনা করায় ইতিমধ্যে শ্রমিক ভাড়া করে মাঠে কাজ শুরু করেছেন। সকাল থেকে তিনজন শ্রমিক নিয়ে জমি থেকে ধান কেটে মাড়াই করছেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবু তাহের বলেন, “এ বছর ফলন ভালো হওয়ায় আমি সন্তুষ্ট। আগাম মাড়াই করে কিছুটা বেশি দাম পাওয়ার আশাও করছি। আমাদের কৃষকজীবন অনেক কষ্টের, তবে কৃষি ছাড়া সংসার চলে না। আমরা নিজেরা না খেয়ে হলেও কৃষির জন্য খরচ করি।”
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “ধান তোলার পরপরই জমিতে আগাম আলু চাষ করবো। পাশাপাশি চারপাশে কলা লাগাবো। এতে জমির সর্বোচ্চ ব্যবহার সম্ভব হবে।”
তবে কৃষক আবু তাহেরের দাবি, কৃষকরা যেন টিকে থাকতে পারে তার জন্য সরকারি সহায়তা আরও বাড়ানো জরুরি। “আমরা গরিব মানুষ, একটু সহায়তা পেলে আরও ভালো ফলন তুলতে পারবো। এতে শুধু কৃষক নয়, দেশও লাভবান হবে,” যোগ করেন তিনি।
স্থানীয় কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, সময়মতো চাষাবাদ, সঠিক পরিচর্যা ও কৃষি প্রযুক্তি ব্যবহারের কারণে এ বছর জেলায় ধান চাষে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।
এনএএন টিভি / ওমর ফারুক