পাইকগাছা পৌরসভার সাবেক মেয়র সেলিম জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা

খুলনার পাইকগাছা পৌরসভার সাবেক মেয়র সেলিম জাহাঙ্গীরের বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেছে । একটি মামলায় আপোষের শর্তে জামিন নিয়ে আপোষ না করে ও আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করে।

মামলার বাদী মুজিবর রহমান জানান, ২০২৩ সালে পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর ও তার সহযোগী আক্তার গোলদার এবং অজ্ঞাতনামা

লোকজন মুজিবর রহমানের পৌরসভার সরল বাজারস্থ জমিতে বেআইনি ভাবে দলবদ্ধ হয়ে অনধিকার প্রবেশ করে সেখানে শেখ রাসেল স্মৃতি সংসদের ঘর নির্মাণ করে। এছাড়া বাদীর নির্মানাধীন স্থাপনার ক্ষতিসাধন করে এবং বাদীর মজুত রাখা ইট, বালি, খোয়া নিয়ে বাদীকে খুন জখমের ভয়ভীতি দেখান। উক্ত ঘটনায় মুজিবর রহমান বাদী হয়ে পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। যার নম্বর সিআর ৮২৬/২৩, আদালত মামলাটি তদন্তের জন্য প্রেরণ করেন। তদন্ত শেষে সিআইডি খুলনা মামলার অভিযোগ সত্য মর্মে তদন্ত রিপোর্ট দাখিল করেন। অতঃপর আদালত আসামীদের বিরুদ্ধে সমন দেন। সমন পেয়ে মেয়র ও তার সহযোগী বাদীর সাথে আপোষ নিষ্পত্তি করবেন মর্মে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর জামিন নেন। জামিনের পর মেয়র সেলিম জাহাঙ্গীর বাদীর সাথে আপোষ করেনি ও মামলার ধার্য্য তারিখ বৃহস্পতিবার আদালতে হাজির হননি। সেকারণ আদালত মেয়রের জামিন বাতিল পূর্বক গ্রেপ্তারের পরোয়ানা জারী করেন। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এ্যাড: এফ,এম,এ রাজ্জাক।

এনএএন টিভি / তৃপ্তি রঞ্জন সেন