বিশ্ব শিক্ষক দিবসে নীলফামারীতে গুণী শিক্ষকদের সংবর্ধনা

‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টায় দীপ্তি’ — এই প্রতিপাদ্যে নীলফামারীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস ২০২৫।
৫ অক্টোবর রবিবার সকাল ১১টায়  জেলা শিক্ষা অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।  জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও গুণী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে বিএম কলেজের শিক্ষক মিল্টন হোসেনের সঞ্চালনায়, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপাঙ্কর রায় ও জেলা শিক্ষা অফিসার হাফিজুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকতা শুধুমাত্র একটি পেশা নয়, এটি সমাজ ও জাতি গঠনের অন্যতম মহৎ দায়িত্ব। একজন আদর্শ শিক্ষক তার জ্ঞান, চরিত্র ও আদর্শ দিয়ে প্রজন্মকে আলোকিত করেন, যা দেশ ও জাতির উন্নয়নে অমূল্য অবদান রাখে।
আলোচনা শেষে জেলার ৭ জন গুণী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য— আতাউর রহমান, মালতি বেগম ও মঞ্জুয়ারা বেগম।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তাঁরা বলেন, শিক্ষকেরা শুধু পাঠদানের মাধ্যমেই নয়, বরং মূল্যবোধ ও মানবিকতা গঠনের মাধ্যমে সমাজে আলো ছড়ান।
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন পরিণত হয় শ্রদ্ধা, প্রেরণা ও সম্মানের এক অনন্য উৎসবে।
এনএএন টিভি / ওমর ফারুক