শিবগঞ্জের তর্তীপুরে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার তর্তীপুরে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এই গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়।

হিন্দু শাস্ত্র মতে ভগীরত গঙ্গা নদীর জল প্রবাহ নিয়ে বাংলাদেশে আশার সময় তর্ত্তীপুর ঘাট এলাকায় শ্মশানের পাশে পৌঁছলে নিম গাছের নীচে জাহ্নবীমনির আশ্রম থেকে তাদের দেবতা জাহ্নবীমনি গঙ্গার জল ভূলবশত পান করে ফেলে। এতে ভগীরত ক্ষুব্ধ হলে জাহ্নবীমনি তার জান কেটে সেই জল বের করে দেয় এবং গঙ্গা মুক্ত হয়। সেই থেকে গঙ্গার এই জল প্রবাহ বলে হিন্দু ধর্মাম্মবলীরা বিশ্বাস করে। আর এই উপলক্ষে এই দিনে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে পূর্ণ লাভের আশায় শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার এই তর্তীপুর মহাশ্মশানে হিন্দু ধর্মাম্মবলীরা জমায়েত হন। কাজেই এই দিনটি আজ বৃহত্তর রাজশাহী অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র দিন । চন্দ্র মাসের তারিখ হিসাবে প্রতি বছর হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ শিবগঞ্জ পৌর এলাকার তর্ত্তীপুর পৌরণিক জাহ্নুমুনির আশ্রমের কাছে গঙ্গাস্নান অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন।
বয়বৃদ্ধদের নিকট থেকে জানা যায়, এই গঙ্গাস্নান অধিকাংশ বছরই মাঘ মাসে অনুষ্ঠিত হয় বলে একে মাঘী বান্নী স্নান বলে। কিন্তু চাঁদের উপর নির্ভর করে কোন কোন বছর ফাল্গুন মাসেও গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়ে থাকে। চাঁপাইনবাবগঞ্জ সহ রাজশাহী অঞ্চলের নাটোর, নওগাঁ এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী পুরুষ-মহিলারা বাস, মিনিবাস, মাইক্রো, মিশুক, রিক্সাসহ বিভিন্ন প্রকার যানবহন যোগে দূরদূরান্ত থেকে গঙ্গা স্নান অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য পুর্বদিন থেকেই পৌরণিক জাহ্নুমুনির আশ্রমে আসতে শুরু করে।

সকলে স্থানীয় গঙ্গায় স্নান পর্ব শেষ করে বিভিন্ন ধরণের ভুরি ভোজ করে থাকে। এই ভুরি ভোজের মধ্যে স্থান পায়- মুলতঃ শিবগঞ্জের বিখ্যাত চমচমসহ অন্যান্য মিষ্টান্ন দ্রব্য, রাজারামপুর ও নসিপুরের দই, রহনপুরের মুড়ি ও চিড়া এবং ভোলাহাটের সাগর কলা। প্রায় মহিলারাই বাড়ি ফেরার সময় নানা ধরনের মাটির পাত্রে সযত্নে গঙ্গার পবিত্র জল নিয়ে যায়। অনুষ্ঠানে আগত আনুমানিক ৮৯ বছর বয়স্কা শান্তি দেবী নামে এক বৃদ্ধার কাছ থেকে জানা যায়- সংগৃহীত এ পবিত্র জল সমগ্র বছর বাড়িতে রেখে বিভিন্ন পূজা পার্বনে ব্যবহার করে থাকে।

উল্লেখ্য, এ গঙ্গা স্নান উপলক্ষে তর্ত্তিপুর মেলায় কাঠের সামগ্রী, বাঁশ-বেত সামগ্রী ও লোহা লক্কড়ের দোকানসহ বিভিন্ন ধরনের স্টল বসে। এ অনুষ্ঠানে আগত হিন্দু মহিলারা বিভিন্ন ধরনের জিনিষপত্র ক্রয় করে নিয়ে যায়।

এনএএন টিভি / আহসান হাবীব

Share this news as a Photo Card