দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা নিশ্চিত ও কোস্টগার্ডের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
বুধবার (৫ মার্চ) সকালে ভোলায় কোস্টগার্ড দক্ষিণ জোন অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কার্যক্রম তুলে ধরেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ।
তিনি জানান, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৬ মাসে কোস্টগার্ড দক্ষিণ জোন ৩১টি দেশি আগ্নেয়াস্ত্র, ৩টি বিদেশি পিস্তল, ৫৭ রাউন্ড তাজা গোলা, ১০ রাউন্ড ব্লাংক গোলা, সাউন্ড গ্রেনেড ৩টি, ককটেল ১২টি, হাতবোমা ৪৩টি, ৭০ জন সন্ত্রাসী ও ডাকাত, ১১ হাজার কেজি অবৈধ পলিথিন, ৩৩ জন মাদক ব্যবসায়ীসহ ১০ কেজি ৬৯০ গ্রাম গাঁজা, ৪ লাখ ২৬ হাজার পিস ইয়াবা, ১১৬ বোতল ফেনসিডিল, অবৈধভাবে ধরা মাছ, হাঙর ও বন্যপ্রাণী আটক করা হয়।
জাটকা নিধন ও মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৪৪ কোটি ৪৪ মিটার কারেন্ট জাল, ১২ কোটি মিটার চরঘেরা, ৪১ লাখ মিটার মশারি জাল জব্দ করা হয়েছে। এসব অভিযানে বিপুল পরিমাণ মাছ জব্দ করা হয়। এ ছাড়া নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে এক হাজার ৭৮৬ অসহায় গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন অতিক্রমকারী বাংলাদেশে আটক থাকা ৩১ ভারতীয় জেলেকে পটুয়াখালী কারাগার থেকে মুক্তি পরবর্তী ভারতীয় কোস্টগার্ড হস্তান্তরে সার্বিক সহযোগিতা করে।
এ ছাড়াও গত ১৪ জানুয়ারি সাইলন ব্রিজ শ্রীলংকান জাহাজ ডাকাতির হাত থেকে রক্ষা ও স্ক্রুদের উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছাড়াও তিনি কোস্টগার্ডের অন্যান্য আরও অনেক বিষয়ে অবদান তার বক্তব্যে তুলে ধরেন।
এনএএন টিভি / মোঃ ছিদ্দিক
