ফরিদপুরের সালথা উপজেলায় ভারী বর্ষণের কারণে একটি পুরাতন সেতু ধসে পড়ায় এলাকার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া ইজারা পাড়া এলাকায় সালথা-মোন্তারামোড় সড়কে অবস্থিত খালের ওপর নির্মিত ব্রিজটি ধসে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, টানা বৃষ্টির কারণে সেতুর নিচের মাটি সরে গিয়ে কাঠামো দুর্বল হয়ে পড়ে এবং শেষমেষ তা ভেঙে পড়ে। প্রায় ২৫ বছর আগে সেতুটি নির্মাণ করা হয়েছিলো। এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ, হাটবাজার এবং কর্মস্থলে যাতায়াত করেন অসংখ্য মানুষ। ব্রিজটি ভেঙে যাওয়ায় প্রায় ১০-১৫টি গ্রামের সঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ইজিবাইক ও মোটরসাইকেল চালক ফায়েজুর রহমান বলেন, “গতকাল রাতে ব্রিজটা হঠাৎ ভেঙে পড়ে। এখন যাত্রীদের অন্য রাস্তা ঘুরে নিতে হচ্ছে। এতে সময় ও খরচ দুই-ই বেড়ে গেছে। আমরা চাই দ্রুত এটা মেরামত হোক।”
এলাকার আরও কয়েকজন বাসিন্দা জানান, সড়কটি এ অঞ্চলের মানুষের জন্য একমাত্র দ্রুতগামী যাতায়াতের পথ ছিল। এখন বিকল্প কাঁচা রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে, যা বৃষ্টিতে আরও কর্দমাক্ত হয়ে পড়েছে। স্কুলগামী শিক্ষার্থীদের জন্যও এটি বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে সালথা উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া বলেন, “ব্রিজটি ধসে পড়ার খবর পেয়েছি। আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী বলেন, “বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ ও প্রকৌশল সহায়তার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হবে বলে আমরা আশাবাদী।”
ব্রিজটি দ্রুত পুনর্নির্মাণ না হলে দীর্ঘ মেয়াদে এই অঞ্চলের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
এনএএন টিভি / শরিফুল ইসলাম
