মাদারীপুরে ইজিবাইক, অটোভ্যান ও মোটরসাইকেলসহ ৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৯টার দিকে মাদারীপুর শহরের পুরান বাজার করাচী বিড়ি রোড় এলাকার তোশক পট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
ফায়ার সার্ভিস, ব্যবসায়ী ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সারাদিন ব্যবসায়ী কার্যক্রম শেষে রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান দোকানীরা। হঠাৎ বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে একটি দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা। এসময় মসজিদে মাইকিং করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে মাদারীপুর স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে এবং জানি আলম মাতুব্বরের অটো গ্যারেজে থাকা ৪ টি ইজিবাইক, ২ টি অটোভ্যান ও একটি মোটরসাইকেল সহ ৫ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ দোকানীদের দাবি এ অগ্নিকাণ্ডে ঘটনা ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্র হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত ছাড়া ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব না বলে জানিয়েছেন মাদারীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাইজ ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান।
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোফাজ্জেল হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা গেছে, এখন সমস্যা নেই।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।
