২০২৭ সালে রমজান-ঈদুল ফিতর কবে?

ইসলামী বর্ষপঞ্জির নবম মাস পবিত্র রমজান। মুসলিমদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মাসের তারিখ প্রতি বছরই বদলে যায়। কারণ, রমজান নির্ধারিত হয় চন্দ্রভিত্তিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে নয়।

গত রমজান শেষ হওয়ার পর এখন অপেক্ষা ২০২৭ সালের পবিত্র মাসটির। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের রমজান ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে রমজানের নতুন চাঁদ দেখার ওপর।

ইসলামী হিজরি ক্যালেন্ডারে ১২টি মাস রয়েছে। একটি চন্দ্রবর্ষ সাধারণত ৩৫৪ দিনের হয়, যা গ্রেগরিয়ান সৌরবর্ষের চেয়ে প্রায় ১১ দিন কম। ফলে প্রতি বছরই গ্রেগরিয়ান ক্যালেন্ডারে রমজান প্রায় ১০ থেকে ১২ দিন আগে চলে আসে।

কবে দেখা যেতে পারে রমজানের চাঁদ?

শাবান মাসের শেষ দিকে, অর্থাৎ ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি শনিবার অথবা ৭ ফেব্রুয়ারি রোববার রমজানের নতুন চাঁদ দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২৯ শাবান সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের কয়েকটি অঞ্চল থেকে চাঁদ দেখা সম্ভব হবে না। কারণ, ওই দিন চাঁদ সূর্যের আগে অস্ত যেতে পারে অথবা সূর্যাস্তের পর চাঁদের সঙ্গে সূর্যের সংযোগ ঘটতে পারে।

এ কারণে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে সংযুক্ত আরব আমিরাতে ৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে বিভিন্ন দেশে চাঁদ দেখার সময় ও পদ্ধতির পার্থক্যের কারণে রমজান শুরুর তারিখ এক দিন এদিক-সেদিক হতে পারে। সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষের ঘোষণার পরই চূড়ান্ত তারিখ নিশ্চিত হবে।

কবে হতে পারে ঈদুল ফিতর?

হিজরি শাওয়াল মাসের প্রথম দিন পালিত হয় ঈদুল ফিতর। তাই রমজান ২৯ নাকি ৩০ দিনে শেষ হবে, তার ওপর নির্ভর করবে ঈদের তারিখ। জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাবে, সংযুক্ত আরব আমিরাতে ২০২৭ সালের ৮ মার্চ, সোমবার অথবা ৯ মার্চ, মঙ্গলবার শাওয়ালের চাঁদ দেখা যেতে পারে।

যদি ৮ মার্চ, অর্থাৎ রমজানের ২৯তম দিন সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ৯ মার্চ, মঙ্গলবার ঈদুল ফিতর পালিত হবে। আর সেদিন চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিনে পূর্ণ হবে এবং ১০ মার্চ, বুধবার ঈদুল ফিতর হতে পারে।