রবিবার (৫ অক্টোবর) সকালে ধানমন্ডি লেকের ৫ নম্বর রোডের নাউড়ী হোটেল সংলগ্ন ব্রিজের উত্তর-পশ্চিম পাশে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খলিলুর রহমান জানান, নিহত ওমর ফারুক গত ৩ অক্টোবর বিকেলে বাসা থেকে বের হয়েছিলেন। এরপর তিনি আর ফেরেননি। পরিবার প্রথমে ধারণা করেছিল, তিনি হয়তো কোনো বন্ধুর বাসায় গেছেন। তাই থানায় কোনো জিডি করা হয়নি।
এসআই খলিলুর রহমান আরও জানান, মৃতের পকেট থেকে পাওয়া মানিব্যাগে তার মায়ের মোবাইল নম্বর পাওয়া যায়। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।
নিহত ওমর ফারুক হাজারীবাগের বউবাজার সোনাতনঘর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবা আব্দুল কুদ্দুস মোল্লা পেশায় মাছের ব্যবসায়ী। পরিবার সূত্রে জানা গেছে, ওমর তেমন কোনো কাজ করতেন না; মাঝেমধ্যে বাবার ব্যবসায় সাহায্য করতেন। সম্প্রতি এ নিয়ে মা তাকে বকাঝকা করেছিলেন।
ওমর ফারুকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
