অবৈধ গ্যাস সংযোগ নেয়ার সময় লিকেজ থেকে আগুনে দগ্ধ ৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ ভাবে গ্যাস সংযোগ নেয়ার সময় তিতাসের পাইপ লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পাঁচজন দগ্ধ হন।

সোমবার (১১ নভেম্বর) রাত ১১টায় উপজেলার কাঁচপুরের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন:  রাজু , রিপন, মিজান, শাহজালাল ও জাহাঙ্গীর। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সোনাপুর সিনহা গার্মেন্টসের বিপরীত পাশে লাভলী সিনেমা হলের সামনে বিএনপি নেতা জসিম, জমির দালাল আ. রব, মান্নান মেম্বারের ভাতিজা মাসুম ও ম্যানেজার সেলিমের নেতৃত্বে একটি চক্র অর্থের বিনিময়ে ওই এলাকার তিতাস গ্যাসের মূল বিতরণ পাইপ থেকে অবৈধভাবে বিভিন্ন বাড়ি ও কারখানায় গ্যাস সংযোগ দিয়ে আসছে। সোমবার রাতেও অবৈধ  ভাবে সংযোগ নেয়ার সময় ওয়েল্ডিং মেশিন দিয়ে ঝালাই করতে গেলে তিতাসের মূল পাইপ লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে। এ সময় আগুনে পাঁচজন দগ্ধ হন। খবর পেয়ে স্থানীয় লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণ এবং দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।

তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আনোয়ারুল আজিম বলেন, ‘বিষয়টি আমাদের কেউ জানায়নি। তবে সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। খোঁজ নিয়ে দেখছি কি ঘটনা ঘটেছে।’

এ বিষয়ে জানতে চাইলে কাঁচপুর মডেল ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম একই কথা বলেন।

তিনি বলেন, ‘অগ্নিকাণ্ড ঘটেছে এমন কোনো খবর কেউ আমাদের জানায়নি। জানালে অবশ্যই আমরা আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যেতাম।’

 আরো পড়ুন:

এনএএন টিভি