এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ (সর্বনিম্ন ৩ হাজার টাকা) বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন। তাঁরা পাঁচ শতাংশ বাড়িভাড়া দেওয়ার প্রস্তাব আগেই প্রত্যাখ্যান করেছেন। এখনো তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
আজ রোববার অষ্টম দিনের মতো শিক্ষক-কর্মচারীদের কর্মসূচি চলছে। এখন তাঁরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করছেন।
এর মধ্যে আজ অর্থ বিভাগ বাড়িভাড়া ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ (সর্বনিম্ন দুই হাজার টাকা) করার সিদ্ধান্ত দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিল। ১ নভেম্বর থেকে এই আদেশ কার্যকর হবে। এতে মোট ছয়টি শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে আছে এই বাড়িভাড়া পরবর্তী জাতীয় বেতন স্কেল অনুসারে সমন্বয় করতে হবে। এ ছাড়া এই ভাতা বৃদ্ধিতে শিক্ষক-কর্মচারীরা কোনো বকেয়া পাবেন না।
কয়েক দিন আগে আন্দোলনকারী শিক্ষক-কর্মচারীদের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আবরারের সঙ্গে দেখা করেছিল।
তখন শিক্ষা উপদেষ্টা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) দিতে সরকারের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে সেদিন শিক্ষক-কর্মচারীরা বলেছিলেন, তাঁরা এটি মানবেন না।

One Reply to “এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশ করে অর্থ বিভাগের চিঠি”
Comments are closed.