ফজরের নামাজ পড়তে গিয়ে কুকুরের কামড়ে একজনের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় একদল কুকুরের আক্রমনে এক ব্যক্তির মুত্যু হয়েছে।

আজ রবিবার ফজরের নামাজের আগে পৌর শহরের চার আনিপাড়া নরসুন্দা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। নিহতের নাম ইজাজুল ইসলাম (৪০)। সে উপজেলার উত্তর শেরপুর এলাকার আজিজুল হকের ছেলে। ইজাজুল একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার ফজরের নামাজের পর ইজাজুল নান্দাইলের ভাড়া বাসা থেকে ফজরের নামাজ পড়তে বের হয়। সে চার আনিপাড়া নরসুন্দা নদীর পাড়ে আসতেই একদল কুকুর তাকে আক্রমন করে। আশেপাশের বাড়ি না থাকায় তার ডাক-চিৎকার কেউ শুনতে পায়নি। একা পেয়ে কুকুরের দল তাকে কামড়ে ছিন্নভিন্ন করে ফেলে। দেহ থেকে নাড়িভুড়ি আলাদা করে ফেলে। এতে ঘটনাস্থলেই তার মুত্যু হয়।

 

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, ইজাজুল প্রতিদিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে। আজকে নামাজে যাওয়ার সময় একা পেয়ে একদল কুকুর তার ওপর আক্রমন করে। এতে ঘটনাস্থলেই তার মুত্যু হয়। মরদেহটি পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।