যশোরে রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেকসুর খালাস পেয়েছেন। আজ (১০ই মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ আদেশ দেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন ২০১৫ সালের ২২শে জানুয়ারি তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়, তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ, অবজ্ঞা ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। যা রাষ্ট্রদ্রোহীতার শামিল। এরপর আদালতের নির্দেশে যশোর কোতোয়ালি থানা পুলিশ তদন্তশেষে একই বছর ২১শে এপ্রিল তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট দেয়।
তিনি আরও জানান, দীর্ঘ ৯ বছর ধরে চলমান এ মামলায় সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারেক রহমানক আজ বেকসুর খালাস দেন আদালত।
