শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে ওয়াসিম আকরাম (২৬) নামে সেনা সদস্য নিহত হয়েছেন।
আজ সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চরশেরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওয়াসিম আকরাম শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নিজপাড়ার হাসান আলীর ছেলে এবং সেনাবাহিনীতে কর্মরত একজন সদস্য।
নিহতের পরিবার জানায়, ওয়াসিম আকরাম দীর্ঘ ছয় বছর ধরে সেনাবাহিনীতে চাকরি করতেন। গত ছয়মাস আগে শেরপুর শহরের বারাকপাড়ায় বিয়ে করেন তিনি। তিনদিন আগে সে ছুটিতে আসার পর আজ সোমবার সকালে তার বাবার সাথে ধান কাটতে যান। ধান নিয়ে বাড়ি ফেরার পথে চরশেরপুর হাইস্কুল মাঠে জমি নিয়ে পূর্ব বিরোধে জেরে তার চাচাতো ভাইয়েরা ওয়াসিমকে দা দিয়ে পেছন থেকে কোপ দেয়। পরে আহত সেনাসদস্যকে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে শেরপুর সেনা ক্যাম্পের মেজর তাওসিফের নেতৃত্বে একটি সেনাদল নিহত ওয়াসিমকে দেখতে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে ছুটে যান এবং পরে নিহত সেনাসদস্য ওয়াসিমকে নিয়ে তারা চরশেরপুরের গ্রামের বাড়িতে যান।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁইয়া বলেন, এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলমান রয়েছে। নিরাপত্তার স্বার্থে আসামিদের নাম বলা যাচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
