সাভারে পুলিশ টাউন এলাকায় অ্যাম্বুলেন্স ও দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে রয়েছেন বাবা-ছেলেসহ একই পরিবারের ৪ জন। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।
বুধবার (৮ই জানুয়ারি) গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভাবনদত্ত এলাকার ফারুক সিদ্দিকি (৫০), তার স্ত্রী মহসিনা আক্তার (৩৫), তার স্ত্রীর বড় বোন সীমা আক্তার (৪০) ও অসুস্থ ছেলে মোহাইমিন ইসলাম ফুয়াদ (১৫)। নিহত এএইচ ফারুক সিদ্দকী ভাবনদত্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
ভাবনদত্ত এলাকায় ফারুক সিদ্দিকির বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির আঙিনায় রাখা হয়েছে চারটি খাটিয়া। প্রস্তত করা হয়েছে পরপর তিনটি কবর। রাতে মরদেহ আসলে ভাবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে জানিয়েছেন পরিবার।
নিহতদের স্বজনরা জানায়, প্রায় তিন বছর যাবত থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ফারুক সিদ্দিকীর বড় ছেলে মহায়মিন সিদ্দিকী ফুয়াদ। তাই মাঝে মাঝেই রক্ত দিতে হতো। গতকাল বুধবার রাতে ছেলে অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার সিদ্ধান্ত হয়। রাত বারোটার পর টাঙ্গাইলের ঘাটাইল থেকে ঢাকায় আসছিলেন তারা। রাত ২টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় দুটি বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর আগুন লেগে অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের চারজন নিহত হন।
