স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন রাশেদ

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ চেয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, ‘আপনার পদে থাকার কোনো অধিকার নেই। আমরা আপনার পদত্যাগ দাবি করছি। লজ্জা থাকলে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন।’

আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হককে দেখতে গিয়ে এসব কথা বলেন রাশেদ খান।

রাশেদ খান বলেন, ‘দায় থাকুক আর না থাকুক, আমরা মনে করছি, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি কোনোভাবেই বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না। সুতরাং গতকালের ঘটনার পর আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না।’

নুরুল হককে লাঠিপেটা করার ঘটনার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া লাল শার্ট পরিহিত ব্যক্তির কোনো সম্পর্ক নেই বলেন রাশেদ খান। তিনি বলেন, ‘নুরুল হকের ওপর সেনাবাহিনীর কতিপয় দুষ্কৃতিকারী হামলা চালিয়েছে। লাল শার্ট পরিহিত ব্যক্তি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সম্রাটের ওপর হামলা করেছে।’

তিনি বলেন, ‘আমাদের হত্যার উদ্দেশ্য ও পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। সেনাবাহিনী কাদের নির্দেশে মাঠে নেমে আমাদের রক্তাক্ত করল? সেনাপ্রধানকে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ডিজিএফআই, আওয়ামী লীগের আমলে যা করেছে, ড. ইউনুসের আমলেও একই স্টাইলে কাজ করতে চায়। কিন্তু আমরা তা করতে দিব না। ডিজিএফআইয়ের সাথে জাতীয় পার্টির দেন-দরবার চলছে। তাদেরকে বিরধি দল বানাতে চায়। নির্বাচন নিয়ে তালবাহানা চলবে না।’

স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এই ঘটনায় আপনার কোন দায় আছে কিনা, এই হামলার পিছনে আপনার নির্দেশনা আছে কিনা তা আমরা জানতে চাই। দায় না থাকলে আপনার অবস্থান স্পষ্ট করতে হবে। আপনি চুপ থাকলে আমরা ধরে নেবো, এই ঘটনার সাথে আপনিও জড়িত। আপনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছেন না। গতকালের পর থেকে আপনি এই পদে থাকতে পারেন না। আমরা আপনার পদত্যাগ দাবি করছি। লজ্জা থাকলে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন।’

 

এনএএন টিভি