৪০ লাখ টাকার পশুবাহী ট্রাক ছিনতাই কালীগঞ্জে, অতপর…

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে গাজীপুরের কালীগঞ্জে কোরবানির পশুবাহী একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটে। কিন্তু মাত্র ৪০ মিনিটের মধ্যেই ট্রাকসহ প্রায় ৪০ লাখ টাকা মূল্যের গরু ও মহিষ অক্ষত অবস্থায় উদ্ধার করে চমক দেখিয়েছে পুলিশ।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কয়েকজন গরু ব্যবসায়ী দিনব্যাপী পাবনার ভেড়া উপজেলার বিভিন্ন হাট থেকে প্রায় ৪০ লাখ টাকায় ১০টি গরু ও ৩টি মহিষ কিনে ট্রাকে করে ফিরছিলেন। ট্রাকে চালকসহ মোট ছয়জন ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গাজীপুর হয়ে জয়দেবপুর-ইটাখোলা সড়ক দিয়ে কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের বাঘুন এলাকা অতিক্রম করার সময় পেছন থেকে একটি পিকআপ এসে ট্রাকটির গতিরোধ করে।

এরপর ছিনতাইকারীরা ট্রাকে উঠে চালক, সহকারী ও ব্যবসায়ীদের মারধর ও জিম্মি করে হাত-পা বেঁধে তাদের পিকআপে তুলে নেয়। পরে গরু ও মহিষবোঝাই ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে ছিনতাইকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে চরসিন্দুর ব্রিজের দিকে রওনা হয়। সে সময় কাছাকাছি নোয়াপাড়া মোড়ে রাত্রিকালীন টহলে থাকা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিলন মিয়া এক পথচারী গাড়িচালকের কাছ থেকে ঘটনার বিষয়ে জানতে পারেন। সে সময় তিনি তাৎক্ষণিক ধাওয়া শুরু করেন এবং মোবাইল ফোনে স্থানীয়দের সহায়তা চান। খবর পেয়ে চরসিন্দুর ব্রিজ এলাকায় স্থানীয়রা যানবাহন চেক করতে শুরু করে, অন্যদিকে পিছন থেকে পুলিশ এগিয়ে আসে।

পরিস্থিতি বুঝতে পেরে ছিনতাইকারীরা গরুবোঝাই ট্রাকটি ফেলে দিয়ে পিকআপ নিয়ে কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়নের তারাগঞ্জগামী সড়ক ধরে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকসহ সব গরু-মহিষ অক্ষত অবস্থায় উদ্ধার করে। সে সময় কাপাসিয়া থানা পুলিশের সহায়তায় চায় কালীগঞ্জ থানা পুলিশ। পরে রাত প্রায় পৌনে ৩টার দিকে কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমানের নেতৃত্বে ছিনতাইকারীদের ধাওয়া করলে ছিনতাইকারীরা পিকআপে থাকা জিম্মি ছয়জনকে সড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় রেখে পালিয়ে যায়। পরে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশের জিম্মায় হস্তান্তর করে কাপাসিয়া থানা পুলিশ।

গরু ব্যবসায়ীরা জানান, পাবনা থেকে ফেরার পথে টাঙ্গাইলে বিরতি দিয়ে তারা রাতের খাবার খেয়েছিলেন। তাদের ধারণা, সেসময় থেকেই ছিনতাইকারীরা তাদের পিছু নিয়েছিল এবং কালীগঞ্জ থানাধীন এলাকায় এসে জিম্মি করতে সক্ষম হয়। তবে পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের কারণেই তারা এবং তাদের প্রায় ৪০ লাখ টাকার পশু অক্ষত অবস্থায় ফিরে পান।

কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) এসআই সাইদুর রহমান বলেন, “গভীর রাতে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ধাওয়া করি। একপর্যায়ে ছিনতাইকারীরা জিম্মিদের হাত-পা বাঁধা অবস্থায় ছয় জিম্মিকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে কালীগঞ্জ থানার জিম্মায় দেওয়া হয়।”

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিলন মিয়া বলেন, “ছিনতাইয়ের পরপরই আমরা ধাওয়া করি এবং স্থানীয়দের সহায়তায় ট্রাকভর্তি গরু-মহিষ অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই। একই সঙ্গে কাপাসিয়া থানা পুলিশের সহায়তায় ছয়জন জিম্মিকেও উদ্ধার করা হয়েছে। সবাই সুস্থ আছেন। পুরো উদ্ধার অভিযান ৩০-৪০ মিনিটের মধ্যেই সম্পন্ন হয়।”

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “গভীর রাতে ছিনতাইয়ের শিকার ১০টি গরু ও ৩টি মহিষ উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয়দের সহায়তায় কালীগঞ্জ ও কাপাসিয়া থানা পুলিশের যৌথ অভিযানে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান পরিচালিত হয়। ট্রাকচালক ও ব্যবসায়ীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গরু ও মহিষ তাদের জিম্মায় দেওয়া হয়েছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

Share this news as a Photo Card