মালয়েশিয়া সরকার দেশটির অর্থনীতিতে উচ্চ-দক্ষতার কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা চালু করার ইঙ্গিত দিয়েছে। এর ফলে মালয়েশিয়ায় অধ্যয়নরত হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থীর জন্য দেশটির শ্রমবাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে।
আজ বুধবার কুয়ালালামপুরে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউকেএম) দেশটির উচ্চশিক্ষামন্ত্রী জাম্ব্রি আবদুল কাদিরের সাথে বৈঠকে এ বিষয়টি উত্থাপন করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে আইন, বিচার, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল উপস্থিত ছিলেন।
এ ছাড়া, অধ্যাপক ইউনূস মালয়েশিয়ার কর্তৃপক্ষের কাছে বাংলাদেশি ডিগ্রির আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের অনুরোধ জানান। বৈঠকে শিক্ষামন্ত্রী ফাধলিনা বিনতে সিদেক অধ্যাপক ইউনূসের ‘থ্রি জিরো’ ক্যাম্পেইন—বিশ্ব থেকে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যতে নামিয়ে আনার—বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। অধ্যাপক ইউনূস এই সময় বিশ্বনেতাদের প্রতি একটি আত্ম-বিনাশী সভ্যতা নয়, বরং একটি টেকসই সভ্যতা গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
বৈঠকে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অধ্যাপক ইউনূস মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীকে শিক্ষা সম্পর্ক আরও জোরদার করতে শিগগিরই ঢাকা সফরের আমন্ত্রণ জানান।

One Reply to “চালু হতে পারে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ার ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা”
Comments are closed.