নোয়াখালীর সেনবাগে শিশু হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন

নোয়াখালীর সেনবাগে মিজানুর রহমান আশরাফুল (৬) নামে এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে হত্যা করে পার্শ্ববর্তী ধানক্ষেতে পুঁতে রাখার অভিযোগে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. মুহাম্মদ মোরশেদ ইমতিয়াজ এ রায় প্রদান করেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে নগদ ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

সোমবার বিকেলে নোয়াখালী জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার কাদরা ইউনিয়নের নজরপুর গ্রামে ২০২১ সালে ২ এপ্রিল শিশু মিজানুর রহমান আশরাফুলকে পারিবারিক কলহের জেরে দণ্ডপ্রাপ্ত আসামি শিশুর মা পান্না আকতারের আগের স্বামী বাড়ি থেকে চকলেট দেওয়ার কথা বলে ডেকে নেয়। এরপর পার্শ্ববর্তী আবদুল হাকিমের ধানক্ষেতে নিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ক্ষেতের মধ্যে পুঁতে রাখে। তিন দিন পর ধানক্ষেতে একটি শিশুর অর্ধগলিত মরদেহ থাকার খবর পেয়ে ভিকটিমের বাবা আবুল কাশেম গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন। এ ঘটনায় তিনি ৬ এপ্রিল সেনবাগ থানায় সন্দেহভাজন ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরবর্তীতে সেনবাগ থানা পুলিশ ঘটনার রহস্য উদঘাটন করে।

এ ঘটনায় আবুল কাশেমের স্ত্রীর সাবেক স্বামী আলাউদ্দিন (৪০) ও তার সহযোগী আবদুল্লাহ হাসান আল মামুন (৩৪) স্বীকারোক্তি দেওয়ায় অভিযুক্ত দুজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়। দীর্ঘ শুনানি শেষে নোয়াখালী জেলা ও দায়রা জজ ড. মুহাম্মদ ইমতিয়াজ মোরশেদ অভিযুক্ত দুজনকে ৩০২ ও ৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও নগদ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সরকারপক্ষে মামলা পরিচালনা করেন নোয়াখালী জেলা আদালতের পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মীর হোসেন।

 

 

এনএএন টিভি