ভারত-পাকিস্তান একই গ্রুপে টি-টোয়েন্টি বিশ্বকাপে

২০২৬ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে মাঠে নামবে দুই দল। এটি হবে সম্প্রতি এশিয়া কাপে নানা বিতর্কের পর তাদের প্রথম আনুষ্ঠানিক মুখোমুখি লড়াই।

ভারত-পাকিস্তানের গ্রুপে রয়েছেন আরও তিন দল- যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া।

ভারত তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, এরপর ১২ ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়া, ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তান, এবং ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে নেদারল্যান্ডসের সঙ্গে মুখোমুখি হবে। গ্রুপপর্বে প্রতিদিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা এবং ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে কলম্বো ও ক্যান্ডিতে।

২০ দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সুপার এইটে উঠবে। এরপর সুপার এইট থেকে চারটি দল সেমিফাইনালে উঠবে এবং তারপরে ফাইনাল অনুষ্ঠিত হবে। ভারত যদি সুপার এইটে উঠতে পারে, তাদের ম্যাচ হবে আহমেদাবাদ, চেন্নাই ও কলকাতায়। সেমিফাইনাল হবে মুম্বাইয়ে। ফাইনাল আহমেদাবাদে হওয়ার কথা থাকলেও পাকিস্তান ফাইনালে উঠলে ফাইনাল ভেন্যু কলম্বোতে স্থানান্তরিত হতে পারে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া ২০ দল: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

 

 

এনএএন টিভি 

Share this news as a Photo Card