সাতক্ষীরায় ওসমান হাদীর গায়েবে জানাজা ও বিক্ষোভ খুনিদের গ্রেফতারে আল্টিমেটাম
আব্দুর রশিদ সাতক্ষীরা ।।
জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর আকস্মিক ও রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সাতক্ষীরা। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে ছাত্র-জনতার ব্যানারে শহরে বিশাল গায়েবে জানাজা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দুপুর দেড়টায় সাতক্ষীরার খুলনা রোড মোড় সংলগ্ন ‘শহীদ আসিফ চত্বরে’ শত শত মানুষ সমবেত হন। সেখানে ওসমান হাদীর আত্মার মাগফেরাত কামনা করে গায়েবে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উপস্থিত ছাত্র-জনতা এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করেন এবং প্রিয় নেতার অকাল মৃত্যুর বিচার দাবি করেন।
জানাজা পরবর্তী একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ভারতের আগ্রাসন বিরোধী এবং আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন “আমরা সবাই হাদী হব—গুলির মুখে কথা কব” “লাল জুলাইয়ের হাতিয়ার—গর্জে ওঠো আরেকবার” “আওয়ামী লীগের দালালেরা—হুঁশিয়ার সাবধান।
সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমরান হোসেন, এনসিপি মুখপাত্র কামরুজ্জামান বুলু এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরাফাত হোসেন। শিবিরের সাবেক সভাপতি ও সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারী খোরশেদ আলম , শহর শিবির সেক্রেটারী মেহেদী হাসান, সাবেক সভাপতি জিয়াউর রহমান, নাজমুল হোসেন (রনি) প্রমুখ।
বক্তারা বলেন, “শহীদ ওসমান হাদী ছিলেন তরুণ প্রজন্মের আইকন। তাকে স্তব্ধ করে দিয়ে আমাদের থামানো যাবে না। যে স্বার্থান্বেষী মহল হাদি ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, তাদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় ছাত্র-জনতা আবারও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।”
তারা আরও বলেন, জুলাই বিপ্লবের চেতনা নস্যাৎ করতে যারা এখনো সক্রিয়, তাদের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান তারা।
