ভারতের আগ্রার তাজমহল দেখতে গিয়ে জীবনের ১৮টি বছর কারাগারে কাটাতে হয়েছে মোংলার বাদল ফরাজিকে। নামের মিলের কারণে একটি হত্যা মামলায় জড়িয়ে পড়ার পর ভারতের কারাগারে ১০ বছর এবং পরে বাংলাদেশে আরও আট বছর বন্দিজীবন কাটান তিনি। অবশেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন বাদল।
দীর্ঘ ১৮ বছর পর মায়ের কোলে ফেরার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরাও।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকার কাশিমপুর কারাগার থেকে পুলিশি প্রহরায় বাদলকে মোংলায় নেওয়া হয়। পথে তাকে বাগেরহাট জেলা কারাগারের কর্মকর্তাদের কার্যালয়ে নেওয়া হয়।
প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে, রাত ১১টার দিকে, তাকে মোংলার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় বৃদ্ধ মা ও পরিবারের অন্য সদস্যরা তাঁকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
বাদল ফরাজির জীবনে এই দুর্ভোগের শুরু ২০০৮ সালে। তখন তিনি অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ট্যুরিস্ট ভিসায় ভারতের আগ্রায় তাজমহল দেখতে যান তিনি। বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর একটি হত্যা মামলায় নামের মিল থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে।
জানা যায়, ভারতে এক বৃদ্ধকে হত্যার মামলায় পলাতক আসামি ছিলেন বাদল সিং। নামের মিল থাকায় মোংলার বাদল ফরাজিকে ওই মামলায় জড়িয়ে ফেলা হয়। পরে ভারতের আদালতে দোষী সাব্যস্ত হয়ে সাজা পান তিনি। এরপর ভারতীয় কারাগারে ১০ বছর বন্দিজীবন কাটাতে হয় তাকে।
পরবর্তী সময়ে দুই দেশের বন্দি স্থানান্তর চুক্তির আওতায় বাদলকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তবে দেশে ফেরার পরও মুক্তি মেলেনি তার। বাংলাদেশের কারাগারে আরও আট বছর কাটাতে হয়েছে তাকে। সব মিলিয়ে, দীর্ঘ ১৮ বছর, কারাবন্দি থাকার পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পান তিনি।
বাদলকে বাড়িতে ফিরে পেয়ে স্বজনদের মধ্যে আনন্দের পাশাপাশি দীর্ঘদিনের বিচ্ছেদের বেদনাও প্রকাশ পায়। এ সময় পরিবারের সদস্যরা তার স্থায়ী মুক্তির দাবি জানান।
