জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানের উত্তর উপকূলে শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় সুনামি সতর্কতা জারি করে উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। খবর ওয়াশিংটন পোস্টের।

সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় সানরিকু উপকূলের কাছে এ ভূমিকম্পের উৎপত্তি হয় বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ)। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু এলাকায় সর্বোচ্চ ৩ মিটার পর্যন্ত সুনামি ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি ছিল। তবে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এ ভূমিকম্প থেকে সৃষ্ট সুনামির বড় ধরনের আশঙ্কা কেটে গেছে।

উপকূলীয় বাসিন্দাদের সমুদ্র ও নদীর তীর থেকে দূরে থাকার এবং উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে জেএমএ। পাশাপাশি, আগামী এক সপ্তাহ আফটারশকের আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।

এদিকে, ইওয়াতেসহ উত্তরাঞ্চলের চারটি অঞ্চলে প্রায় ১ লাখ ২৮ হাজার বাসিন্দাকে সরিয়ে নিতে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও নিরাপদ রয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালের ১১ মার্চ জাপানের উত্তরাঞ্চলে ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ২২ হাজারের বেশি মানুষ নিহত হন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।