ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের।
শনিবার (১৮ এপ্রিল) ডেট্রয়েটে ডেমোক্রেটিক পার্টির এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হ্যারিস বলেন, ট্রাম্প একটি যুদ্ধে প্রবেশ করেছেন, এবং স্পষ্ট করে বলতে গেলে বেনিয়ামিন নেতানিয়াহু তাকে এতে টেনে এনেছেন।
তিনি আরও দাবি করেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ চায় না এবং এর ফলে মার্কিন সেনাদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।
তবে এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন নেতানিয়াহু। তিনি বারবার বলেছেন, যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধে টেনে আনার বিষয়টি ভুয়া খবর। তার দাবি, ট্রাম্প কেবল যুক্তরাষ্ট্রের স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নেন।
উল্লেখ, পারমাণবিক আলোচনা ভেঙে পড়ার পর গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা শুরু করে। এতে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির আরও শীর্ষ নেতা। পাল্টা হামলা শুরু করে ইরানও।
