নোয়াখালী সদর উপজেলায় ডিবির অভিযানে ১৪০০ লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল ও একটি ভাউচার গাড়িসহ চারজনকে আটক করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনউদ্দিন। এর আগে, শুক্রবার (১৭ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. রাশেদ (৩৮), ভাউচার গাড়ির চালক মো. নাছির উদ্দিন (৪৭), মো.শিহাব উদ্দিন (২২) ও মো. মাকসুদ (৩২)। তারা সবাই সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, চর মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারের আব্দুল মালেক অয়েল স্টোরে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে ডিজেল মজুত করা হয়েছিল। রাত পৌনে ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে ডিজেল মজুত ও বিক্রির অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৪০০ লিটার ডিজেল ও একটি লাল রঙের ভাউচার গাড়ি জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহিনউদ্দিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
