ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আবারও সড়কে নেমে এসেছেন পোশাকশ্রমিকরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের একাধিক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। শ্রমিকদের অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে তীব্র ভোগান্তি।
সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর, মেম্বারবাড়ি, বাঘের বাজারের নতুন বাজার ও ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়ক আটকে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একাধিক পয়েন্টে শ্রমিকদের অবস্থানের কারণে কার্যত অচল হয়ে পড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মেম্বারবাড়ি এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে নেমে অবরোধ শুরু করেন। একই সময়ে বাঘের বাজারের নতুন বাজার এলাকাতেও শ্রমিকরা মহাসড়ক আটকে বিক্ষোভ করেন। অবরোধের কারণে আটকে পড়ে যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে শিল্প পুলিশ, জেলা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, বেলা সোয়া ১০টা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান করছিলেন। শুধু সদর উপজেলাই নয়, মহানগরের কোনাবাড়ী এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরাও কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করছেন।
শ্রমিকদের আন্দোলন নিয়ন্ত্রণে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তবে একাধিক এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধে গাজীপুরে সকাল থেকেই অচলাবস্থা তৈরি হয়েছে।
