নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা বাজারে খাদ্যদ্রব্যে ক্ষতিকর রং ও রাসায়নিক পদার্থ হাইড্রোস ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলাকে নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্যব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি তিনটি মডেল বাজারে উন্নীত করার লক্ষ্যে বাজারে বিক্রিত খাদ্যসামগ্রীর গুণগত মান যাচাইয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ পরীক্ষণ ভ্যানের মাধ্যমে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষায় খাদ্যদ্রব্যে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ হাইড্রোস ব্যবহারের প্রমাণ পাওয়ায় ফতুল্লা বাজারের আদি গন্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডার, শ্রী গন্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডার এবং একটি মুদি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা ও অর্থদণ্ড প্রদান করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস এম ফয়েজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব সুরাইয়া সাইদুন নাহার।
জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের প্রতিটি পর্যায়ে প্রচলিত আইন ও স্বাস্থ্যসম্মত মানদণ্ড অনুসরণের জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।
