নারায়ণগঞ্জে জেল খাটার অভিজ্ঞতা নিতে শিশু হোসাইনকে হত্যা করে ৬ কিশোর, দাবি পুলিশের

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী শিশু হোসাইনকে জেল খাটার অভিজ্ঞতা নেওয়ার কৌতূহল থেকেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি পুলিশের।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, গত ১৮ এপ্রিল অভিযুক্ত তিন কিশোর সাইফুল, তানভীর ও ইউনুস নিজেদের মধ্যে আলোচনা করে ‘খুন করলে জেলে যেতে হয়’ আর সেই অভিজ্ঞতা নেওয়ার ইচ্ছা থেকেই হত্যার পরিকল্পনা করে। পরে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া হোসাইনকে টার্গেট করে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে আগে থেকেই তাদের আরও তিন বন্ধু রাহাত, হোসাইন ও ওমর উপস্থিত ছিল। সেখানে সবাই মিলে শিশুটিকে ছুরিকাঘাত করে হত্যা করে এবং মরদেহ একটি পরিত্যক্ত বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায়।

হোসাইনের মরদেহ উদ্ধারের পর পুলিশ অভিযান চালিয়ে প্রথমে ইয়াসিনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পর্যায়ক্রমে আরও পাঁচ কিশোরকে আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।