হাম উপসর্গে সিলেট ও ময়মনসিংহে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে হাম ও হাম উপসর্গ নিয়ে মৃত্যু থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্তে সিলেট ও ময়মনসিংহে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটেই প্রাণ গেছে ২ জনের। প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে শুধু সিলেট বিভাগেই মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। একই সময়ে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ৫৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৮৯ জন।

অপরদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৬ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন ৯৬ জন হাম আক্রান্ত রোগী।

এছাড়া, রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীর চাপ বাড়ছে। অনেক হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট দেখা যাওয়ায় রোগীদের মেঝে কিংবা বারান্দায় রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে। এর ফলে সংক্রমণ ঝুঁকি বাড়ছে।