মুন্সিগঞ্জে পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

মুন্সীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে পশ্চিম দেওভোগ হাজী বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে মো. সোপান (২৪) এবং ঢাকার মিরপুর-১৩ এলাকার রিপনের ছেলে আজওয়াদ (২৩)। তারা দুজনই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

নিহতদের বন্ধুরা জানান, আজ দুপুরে সোপান তার বন্ধু আজওয়াদসহ মোট ১৩ জন বন্ধুকে নিয়ে ঢাকা থেকে নিজ বাড়িতে বেড়াতে আসে। সেখানে তাদের বার্ষিক গেট টুগেদারের আয়োজন ছিল। বিকেলের দিকে তারা বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। এ সময় আজওয়াদ পানিতে ডুবে যেতে থাকলে তাকে উদ্ধার করতে যায় সোপান। পরে দুজনেই পানিতে তলিয়ে যায়।

স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ইউসুফ আলী সরকার বলেন, বিকেলের দিকে দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনাটি অপমৃত্যু হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়েছে।