হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও দশ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৭৩২ জন। এর মধ্যে নিশ্চিত হামের রোগী ৫৮ জন।

শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে ৫৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৪৮৫ এবং হাম শনাক্তের পর মারা গেছে ৯০ শিশু।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয় ৬৮ হাজার ৫৭৯ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ হাজার ৭৯৮ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫১ হাজার ৫১১ শিশু বাড়ি ফিরেছে।

এছাড়া, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৯৪৩।