পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পর্যটন এলাকা আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে ট্রলারে ঘুরতে এসে পানিতে ডুবে মো. মুইন সরদার (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার আদমকাঠি-কটুরাকাঠি খালে এ দুর্ঘটনা ঘটে। মুইন সরদার বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া গ্রামের মো. মনির সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধুদের বরাতে জানা গেছে, শনিবার বন্ধুদের সঙ্গে নেছারাবাদের পেয়ারা বাগানে ঘুরতে আসেন মুইন। বিকালে তারা একটি ট্রলার ভাড়া করে ঘুরছিলেন। চলন্ত ট্রলারের সামনের অংশে বসেছিলেন তিনি। ট্রলারটি আদমকাঠি থেকে কটুরাকাঠি খাল অতিক্রম করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে গভীর পানিতে পড়ে যান তিনি।
মুইন পানিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ট্রলার থামিয়ে তার বন্ধুরা ও স্থানীয়রা উদ্ধারের জন্য পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। বেশ কিছুক্ষণ চেষ্টার পর তাকে পানি থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, পেয়ারা বাগানে ঘুরতে এসে অসাবধানতাবশত ট্রলার থেকে পানিতে পড়ে ওই তরুণের মৃত্যু হয়েছে। ঘটনার বিস্তারিত জেনে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
