প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেড ২০১৭ সালের ৪ আগস্ট বহির্বিভাগ (OPD) সেবা কার্যক্রমের মাধ্যমে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই আধুনিক, নিরাপদ ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয়ে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় হাসপাতালটি গৌরবের সঙ্গে উদযাপন করেছে ৯ম হাসপাতাল দিবস।
দিনের কর্মসূচির সূচনা হয় হাসপাতালের সার্বিক উন্নয়ন, উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশবাসীর জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যাশায় দোয়া মাহফিলের মাধ্যমে। এতে উপস্থিত ছিলেন হাসপাতালের বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউসুফ আলী চৌধুরী, পরিচালক আবু খালেদ মো. রায়হান, পরিচালক ডা. আবু বকর সিদ্দিক, পরিচালক আবু নাঈম মো. রাফি, পরিচালক ফখরুল ইসলাম, পরিচালক ইঞ্জি: মোঃ নুরুল ইসলাম, হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এ. কে. এম. নাসির উদ্দিন, হাসপাতালের বিভিন্ন বিভাগের কনসালট্যান্ট, চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় হাসপাতালের ধারাবাহিক অগ্রগতি, রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া ও মিলাদ শেষে ৯ম হাসপাতাল দিবস উপলক্ষে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে হাসপাতালের বিভিন্ন নতুন অবকাঠামো ও সেবার উদ্বোধন করা হয়।
হাসপাতালের ষষ্ঠ তলায় আধুনিক কেবিন কমপ্লেক্স এবং গুরুতর ও জটিল রোগীদের উন্নত চিকিৎসায় HDU-2, Post CCU High Care Unit উদ্বোধন করা হয়। পাশাপাশি রোগীদের নিরবচ্ছিন্ন ওষুধ সরবরাহ নিশ্চিত করতে পঞ্চম তলায় চালু করা হয় ফার্মেসি-৩।
এ ছাড়া নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলের বিপুলসংখ্যক কর্মজীবী মানুষের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করণে পূর্ণাঙ্গ Environmental and Occupational Health Services কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই সেবার মাধ্যমে শিল্পকারখানার কর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি শনাক্তকরণ, প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুনর্বাসন, প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ নিশ্চিত করা হবে।
উদ্বোধনী কার্যক্রম শেষে হাসপাতালের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় Florence English Medium International School-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়, যা শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
৯ম হাসপাতাল দিবসের প্রতিপাদ্য ‘Committed to Care, Dedicated to Life”-এই অঙ্গীকারকে ধারণ করে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেড আগামী দিনেও মানুষের পাশে থেকে আধুনিক, মানবিক ও উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করে যাবে।
