চুয়াডাঙ্গায় বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে বদ্ধ ঘর থেকে রবিউল ইসলাম (৩০) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে উপজেলার উথলী বাজারপাড়া এলাকায় রেলস্টেশনসংলগ্ন একটি ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রবিউল ইসলাম উথলী গ্রামের বাজারপাড়ার সালাম মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় একা বসবাস করতেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার দিনভর উথলী বাজার এলাকায় প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে ব্যবসায়ীদের ধারণা হয়, কোনো লাশ থেকে এ দুর্গন্ধ ছড়াচ্ছে। এ ধারণা থেকে রাত সাড়ে ১১টার দিকে উথলী বাজারের এক ব্যবসায়ী ৯৯৯-এ ফোন করেন।

খবর পেয়ে রাত ১২টার দিকে জীবননগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বদ্ধ ঘরের দরজার ফাঁক দিয়ে ভেতরে একটি লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ। দরজা খুলে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিউল বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। পারিবারিক কারণে তিনি একা বসবাস করছিলেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, প্রায় এক সপ্তাহ আগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, স্থানীয়দের নিয়ে ঘটনাস্থলে গিয়ে বদ্ধ ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পাওয়া যায়। পরে দরজা খুলে সেটি উদ্ধার করা হয়। লাশের বেশির ভাগ অংশ পচে-গলে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। ধারণা করা হচ্ছে, সপ্তাহখানেক আগে তার মৃত্যু হয়েছে।

ওসি আরও বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এনএএন টিভি