ফেনীর ফুলগাজীতে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ। গত সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আমজাদহাট ইউনিয়নের নোয়াজ ফয়জুন্নেছা ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বসুন্ধরা শুভসংঘ ফুলগাজী উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সহ-সভাপতি ও সাংবাদিক রবিউল আজিম চৌধুরী রাহাতের সঞ্চালনায় কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে নিম, আমলকী, পেয়ারা, জলপাইসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা ছিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াজ ফয়জুন্নেছা ইসলামিয়া আলিম মাদ্রাসার সুপারিনটেনডেন্ট জয়নাল আবেদীন, বিদ্যুৎসাহী সদস্য আনোয়ার হোসেন টিপু, শিক্ষক মাওলানা আমিনুল ইসলাম এবং আমজাদহাট মডেল মাদ্রাসার সুপার মাওলানা হাফেজ আবির হোসেন।
এ ছাড়া বসুন্ধরা শুভসংঘের সদস্য কামরুজ্জামান পারভেজ মুন্না, ঈমাম হোসেন আদরসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বসুন্ধরা শুভসংঘ ফুলগাজী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে প্রতিটি চারাকে বাঁচিয়ে তুলতে হবে। বসুন্ধরা শুভসংঘের এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
কর্মসূচিতে বক্তারা বলেন, মানুষের জীবন ও পরিবেশের জন্য বৃক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যক্তি, সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
