টাঙ্গাইলে ১০ কোটি টাকা ব্যয়ে জেলা পরিষদের নতুন ডাকবাংলো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের থানাপাড়া এলাকায় এ নির্মাণকাজের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ওবায়দুল হক নাছির।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার স্বপ্না, পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ওবায়দুল হক নাছির বলেন, টাঙ্গাইল সদর উপজেলা শহরে অবস্থিত জেলা পরিষদের পুরোনো ডাকবাংলোটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। ফলে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও অতিথিদের থাকার জন্য জেলার মধ্যে ভালো মানের আবাসিক সুবিধার ঘাটতি রয়েছে।
তিনি আরও বলেন, আধুনিক সুযোগ-সুবিধা ও অত্যাধুনিক নকশায় নতুন এই ডাকবাংলো নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ সম্পন্ন হলে স্বল্প খরচে বিশিষ্ট ব্যক্তি ও অতিথিরা এখানে অবস্থান করতে পারবেন। একই সঙ্গে এটি টাঙ্গাইলে আগত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আবাসন সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
