রংপুরে প্রিপেইড মিটার অপসারণের দাবিতে নেসকো ঘেরাও

রংপুরে প্রিপেইড মিটার অপসারণ করে আগের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপন এবং নতুন বিদ্যুৎ সংযোগের আবেদনকারীদের ডিজিটাল পোস্টপেইড মিটার সরবরাহের দাবিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কার্যালয় ঘেরাও করেছেন বিদ্যুৎ গ্রাহকেরা।

আজ বুধবার দুপুরে নগরের কলেজ রোডে নেসকোর প্রধান প্রকৌশলীর কাছে শত শত গ্রাহকের আবেদনসহ স্মারকলিপি দেওয়া হয়। এর আগে নগরের শাপলা চত্বর ও লালবাগ এলাকা থেকে দুটি মিছিল নেসকোর রংপুর কার্যালয়ে গিয়ে ঘেরাও কর্মসূচিতে অংশ নেয়।

ঘেরাও চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুরের সভাপতি অধ্যাপক মো. দেলোয়ার হোসেন। বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, মির্জা বাবর বাবুল, সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু, মো. সোহেল, শহিদুল ইসলাম সুমন, ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহক নাজনীন বেগম, শাহানারা খাতুন, শফিকুল ইসলাম ও রাজা মিয়াসহ অনেকে।

সমাবেশে বিদ্যুৎ গ্রাহক শফিকুল ইসলাম বলেন, তিনি বাড়িতে না থাকার সুযোগে নেসকোর কর্মীরা গিয়ে তাঁর স্ত্রীকে প্রিপেইড মিটার লাগানোর কথা বলেন। তিনি অভিযোগ করেন, মিটার না লাগালে পরে ২০ হাজার টাকা জরিমানা ও মামলা হতে পারে বলে তার স্ত্রীকে জানানো হয়। এতে ভয় পেয়ে তার স্ত্রী কোনো আপত্তি জানাতে পারেননি। পরে বাড়িতে প্রিপেইড মিটার লাগিয়ে কর্মীরা চলে যান।

শফিকুল ইসলাম আরও বলেন, প্রিপেইড মিটার স্থাপনের পর প্রতি মাসে আগের তুলনায় বিদ্যুতের পেছনে বেশি টাকা খরচ হচ্ছে।

বিদ্যুৎ গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক মো. দেলোয়ার হোসেন বলেন, গ্রাহকদের মতামত উপেক্ষা করে নেসকো প্রিপেইড মিটার স্থাপন করেছে। অবিলম্বে প্রিপেইড মিটার প্রকল্প বাতিল করে আগের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপনের দাবি জানান তিনি।

সমাবেশে বক্তারা বলেন, গ্রাহকদের ওপর জোর করে প্রিপেইড মিটার চাপিয়ে না দিয়ে তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে নতুন বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে ডিজিটাল পোস্টপেইড মিটার দেওয়ার দাবি জানান তারা।

 

 

এনএএন টিভি