চোরাচালানবিরোধী অভিযানে ঢাকার পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাগলা। এ সময় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ২ হাজার ৩১০ পিস ভারতীয় শাড়ি পাওয়া যায়। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এ ঘটনায় একটি কাভার্ড ভ্যানসহ এক চোরাকারবারিকে আটক করা হয়।
পরে জব্দকৃত শাড়ি ও কাভার্ড ভ্যান বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, চোরাচালান রোধ এবং অবৈধ পণ্য পরিবহন বন্ধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
