নারায়ণগঞ্জের সাহিত্য-সাংবাদিকতা অঙ্গনের পরিচিত মুখ এনামুল হক প্রিন্স আর নেই

মোঃ শাহজাহান চৌধুরী মাসুম: নারায়ণগঞ্জের সাহিত্য, সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ কবি, সাংবাদিক, সম্পাদক ও প্রকাশক এ এস এনামুল হক প্রিন্স (৫৬) আর নেই। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত ২৬ জুন রাতে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তাঁর মৃত্যু হয়।
এনামুল হক প্রিন্স নারায়ণগঞ্জ শহরের মাসদাইর শেরে বাংলা রোড এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে। তাঁর পিতা ব্যাংকার সুলতান উদ্দিন আহামেদ এবং মাতা রেজিয়া বেগম।
বহুমাত্রিক প্রতিভার অধিকারী এনামুল হক প্রিন্স দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কবি, সাংবাদিক, সম্পাদক, প্রকাশক ও সংগঠক হিসেবে নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ও সাংবাদিকতা অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। পত্রিকাটি চলতি বছর ২৬ বছরে পদার্পণ করেছে। এছাড়া তিনি দৈনিক আজকের জন্মভূমি-এর সহ-সম্পাদক এবং বর্ণ সাহিত্যপত্র-এর সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৭০ সালের ১১ মার্চ সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে জন্মগ্রহণ করেন এনামুল হক প্রিন্স। শিক্ষাজীবনে তিনি বিএ ও বিএড ডিগ্রি অর্জন করেন।
তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহপাঠী, সহকর্মীসহ নারায়ণগঞ্জের সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এদিকে এনামুল হক প্রিন্সের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এন এ এন টেলিভিশন এর চেয়ারম্যান আনোয়ার হোসেন রিংকু মেসেজিং ডিরেক্টর সাবিহা মুবাস্সির নিলয় ও এন এ এন পরিবার সহ বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক প্রকাশক। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।