গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারি ও সন্ত্রাসীদের হামলায় মারুফ হোসেন (৩০) নামে এক স্থানীয় সংবাদকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তিনি দৈনিক ইনকিলাবের মাল্টিমিডিয়া টঙ্গী প্রতিনিধি।
আজ শুক্রবার সকাল নয়টার দিকে টঙ্গীর এরশাদ নগর বেরিবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয়রা জানায়, মারুফ হোসেন তথ্য সংগ্রহের জন্য এরশাদ নগর বেরিবাঁধ এলাকায় যান। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী মো. সোহান, মো. সেলিম ও হাসানসহ তাদের সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। পরে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
এ সময় তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং সন্ত্রাসীদেরকে ধরতে অভিযান পরিচালনা করছি।
