বড় ব্যবধানে হারাতে নেমে উল্টো বড় হারের মুখে বাংলাদেশ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল খেলতে হলে আজ বড় ব্যবধানে আফগানিস্তানকে হারাতে হবে। কিন্তু বড় ব্যবধানে হারাতে নেমে বাংলাদেশ উল্টো বড় হারের মুখে! আফগানদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১৬০ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। শুরুর মতো শেষেও দ্রুত উইকেট হারায় লাল-সবুজের দল। খেলতে পারেনি পুরো ৫০ ওভারও। ৪১.২ ওভারে বাংলাদেশের ইনিংস শেষ ১৬০ রানে।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজের ফাইনাল খেলতে হলে আজ আফগানদের হারাতে হবে বড় ব্যবধানে। ফাইনালে যেতে বাংলাদেশের সামনে সমীকরণ এমন- জিততে হবে ৪১ রানের ব্যবধানে।

টস জিতে আগে ব্যাটিং করার সুযোগও পায় বাংলাদেশ। কিন্তু ব্যাটিং করতে নেমে তাওহিদ হৃদয়ের দলের যাচ্ছে-তা অবস্থা! ব্যাট করতে নেমে ২৮ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। পঞ্চম উইকেটে পারভেজ হোসেন ও সাইফ হাসান ৯২ রানের জুটি গড়ে বিপর্যয় সামলে দলকে তিন অঙ্কে নিয়ে যান।

দলীয় ১২১ রানের সময় সাইফ আউট হওয়ার পর বাংলাদেশ পরের পাঁচ উইকেটে যোগ করতে পেরেছে ৩৯ রান। অর্থাৎ, প্রথম ২৮ রানে ৪ উইকেট আর শেষ ৩৯ রানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ অলআউট ১৬০ রানে।

৯৬ বলে ৭০ রানের সর্বোচ্চ ইনিংসটি পারভেজের, সাইফের ব্যাট থেকে এসেছে ৮২ বলে ৪১ রান। অন্যদের মধ্যে নাজমুলই শুধু দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন (২৩ বলে ১৫)। বাকি আটজনই আউট হয়েছেন এক অঙ্কে, এর মধ্যে সৌম্য, হৃদয়, আলিস ও মোস্তাফিজ শূন্য রানে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card