রূপগঞ্জে সীম গ্রুপের কারখানায় এয়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সীম গ্রুপের একটি টেক্সটাইল কারখানায় এয়ার কম্প্রেসার বিস্ফোরণের পর অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন ৪ জন শ্রমিক। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের মধ্যে নাঈমুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার স্বজন ও সহকর্মীরা। সোমবার (২ নভেম্বর), রাত সাড়ে ৮টার দিকে, উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ির টেক এলাকার ওই প্রতিষ্ঠানে এই দূর্ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, কারখানার চারতলা ভবনের দ্বিতীয় তলায়, মেকানিক্যাল সেকশনের, এয়ার কম্প্রেসার রুমে রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ বিকট শব্দে এয়ার কম্প্রেসার বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরনে মুহূর্তেই আগুনের ফুলকি বের হয়ে ছড়িয়ে পড়ে পুরো কক্ষে। প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন আশপাশে থাকা শ্রমিকরা। বিস্ফোরণ ও অগ্নিকান্ডে দগ্ধ হন ওই কক্ষে কর্মরত চার শ্রমিক ইসমাইল, কামরুল ইসলাম, তপন ও নাঈমুল ইসলাম।

খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে এয়ার কম্প্রেসার রুমে বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, বিস্ফোরণ ও অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে রূপগঞ্জ থানা পুলিশ। তবে শিল্পকারখানার গুরুত্বপূর্ণ ইউটিলিটি সেকশনের এয়ার কম্প্রেসার রুমে কীভাবে বিস্ফোরণ ঘটল, তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

তবে দূর্ঘটনার পরও কোন গণমাধ্যম কর্মীকে কারখানার ভেতরে প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ। দাবি, এতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

অন্যদিকে, কারখানার এইচআর এডমিন দাবি করেন প্রতিষ্ঠানে কস্প্রেসার বিস্ফোরণ হলেও হতাহত হয়েছেন একজন শ্রমিক। তাছাড়া কোন অগ্নিকান্ডের ঘটনাও ঘটেনি বলে দাবি তার।

Share this news as a Photo Card