প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য কুষ্টিয়া জেলা সফর উপলক্ষে আগামী ৩০ নভেম্বর উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রীর সফর সফল ও উৎসবমুখর করে তোলা এবং সফরকালে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। আজ মঙ্গলবার সকাল ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান।
সভায় বক্তব্য দেন কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর, সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদ হাসান এবং যমুনা টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি রুহুল আমিন বাবুসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর জেলাবাসীর জন্য গৌরবের ও ঐতিহাসিক ঘটনা। এ সফর ঘিরে কুষ্টিয়াবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সফরের কর্মসূচি সফল ও সার্থক করতে প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
প্রস্তুতিমূলক সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের প্রধান এবং স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধানমন্ত্রীর সফর সর্বাঙ্গীণ সফল করতে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।
