অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বুধবার (২৫ নভেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পৌঁছালে জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও বিপুলসংখ্যক নেতাকর্মী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফর করেন ডা. শফিকুর রহমান। সফরকালে তিনি অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি উভয় দেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তারা।
এ ছাড়া অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন জামায়াত আমীর। এসব কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাসের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রবাসীরা।
সফরসঙ্গী হিসেবে ডা. শফিকুর রহমানের সঙ্গে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, এনডিএফের ভাইস প্রেসিডেন্ট ডা. খালিদুজ্জামান, আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।
এর আগে গত ২০ নভেম্বর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। বিমানবন্দরে তাকে বিদায় জানান দলের সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নেতারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়া সফর সফলভাবে শেষ করে মালয়েশিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা।
