৫১তম বিশেষ বিসিএস লিখিত পরীক্ষা নিয়ে পিএসসির জরুরি নির্দেশনা

আগামী ১১ ডিসেম্বর৫১তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে । শুধু ঢাকা কেন্দ্রের ২৫টি পরীক্ষার হল ও শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতিতে লিখিত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ পরীক্ষা সামনে রেখে পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির যুগ্ম সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত নির্দেশনা বলা হয়েছে, পরীক্ষার হলে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ঘড়ি, ক্যালকুলেটর, বই-পুস্তক, ব্যাগ, চাবি, মানিব্যাগ, গয়না, ব্রেসলেট এবং ক্রেডিট বা ডেবিট কার্ডসদৃশ কোনো ডিভাইস নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এসব নিষিদ্ধ সামগ্রী সঙ্গে থাকলে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।

পিএসসি জানিয়েছে, পরীক্ষার দিন হলের প্রবেশপথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাই করা হবে।

পাশাপাশি মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রীর উপস্থিতি তল্লাশি করা হবে। এসব প্রক্রিয়া সম্পন্ন করেই পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে।

নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার বিষয়ে পরীক্ষার্থীদের সতর্ক করতে তাদের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে। পরীক্ষার্থীদের ওই এসএমএসের নির্দেশনা অনুসরণ করার জন্য বলা হয়েছে। এছাড়া পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কান খোলা রাখতে হবে। কানের ওপর কোনো ধরনের আবরণ রাখা যাবে না। কোনো পরীক্ষার্থীর হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ আগেই কমিশনের অনুমোদন নিতে হবে।

পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে। একই সঙ্গে বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।

ভবিষ্যতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আয়োজিত সব নিয়োগ পরীক্ষায় তাকে অযোগ্য ঘোষণা করা হবে। এছাড়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩-এর ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারার অধীন কোনো অপরাধ সংঘটন বা অপরাধ সংঘটনে সহায়তা করলে সংশ্লিষ্ট ধারায় বর্ণিত দণ্ডে দণ্ডিত হতে হবে।

 

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card